নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম

ইরানের নিশাপুরে জন্ম নেওয়া মহামনীষী ওমর খৈয়ামের শৈশব, শিক্ষাজীবন ও সেলজুক যুগের প্রেক্ষাপট নিয়ে ধারাবাহিক পডকাস্ট।

Share

ইসলামের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা হাকিম ওমর খৈয়াম—দার্শনিক, গণিতবিদ, জ্যোতির্বিদ ও কবি হিসেবে যিনি বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন, যাঁর নামে নাসা চাঁদের একটি জ্বালামুখ এবং একটি গ্রহাণুর নামকরণ করেছে। “নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম” শীর্ষক নতুন এই পডকাস্ট ধারাবাহিকে আমরা ইরানের ঐতিহ্যবাহী শহর নিশাপুরে জন্ম নেওয়া এই মহামনীষীর জীবন, জ্ঞানচর্চা ও অবদান নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।

এই ধারাবাহিকে থাকবে ১০৪৮ খ্রিস্টাব্দে সেলজুক শাসনামলে নিশাপুরে ওমর খৈয়ামের জন্ম, তাঁর পিতা তাবু-নির্মাতা ইব্রাহিমের কথা, এবং শৈশব থেকেই তাঁর অসাধারণ মেধার পরিচয়। আলোচনায় উঠে এসেছে সেই সময়ের বৈশ্বিক প্রেক্ষাপট—যখন মুসলিম বিশ্ব জ্ঞানবিজ্ঞানের স্বর্ণযুগ অতিক্রম করছিল, ঠিক তখন ইউরোপ ডুবে ছিল মধ্যযুগীয় অন্ধকারে। মৌলভী কাজী মোহাম্মদের মক্তব থেকে শুরু করে খাজা আবুল হাসান আনবারী এবং ইমাম মোওয়াফফাক নিশাপুরীর মতো যুগশ্রেষ্ঠ শিক্ষকদের সান্নিধ্যে খৈয়ামের জ্ঞানার্জনের পথচলা এই পর্বের গুরুত্বপূর্ণ অংশ।

পাশাপাশি বিস্তারিত আলোচনা করা হয়েছে সেলজুক রাজবংশের উত্থান নিয়ে—কীভাবে ওঘুজ তুর্কি বংশোদ্ভূত যাযাবর সেলজুকরা তোঘরুলের নেতৃত্বে গজনভীদের পরাজিত করে ক্ষমতা দখল করে, নিশাপুরকে রাজধানী ঘোষণা করে এবং পরবর্তীতে বাগদাদ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করে। ঐতিহাসিক মলাজগেরদের যুদ্ধ এবং তার সুদূরপ্রসারী প্রভাব—যা পরবর্তীতে ক্রুসেড যুদ্ধের সূচনা ঘটায়—তাও এই পর্বে তুলে ধরা হয়েছে। সবশেষে দর্শনশাস্ত্রে খৈয়ামের অনুরাগ এবং মহান দার্শনিক-বিজ্ঞানী ইবনে সিনার চিন্তাধারার সাথে তাঁর পরিচয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে এই পর্বের সমাপ্তি ঘটে।